৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৮ জুলাই ২০১৬

গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ স্টেশনের কাছে ঢাকা-ময়মনসিংহ রেল রুটে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার সোয়া আট ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। লাইনচ্যুত বহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের পর বৃহস্পতিবার রাতে সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কাওরাইদ স্টেশন মাস্টার মো. এমদাদ হোসেন জানান, সকাল সোয়া ১১টার দিকে ঢাকাগামী বহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর গাজীপুরের শ্রীপুর স্টেশনে তারাকান্দাগামী অগ্নিবীণা ট্রেন, রাজেন্দ্রপুর স্টেশনে জামালপুরগামী জামালপুর কমিউটার ট্রেন, ভাওয়াল গাজীপুর স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস এবং ঢাকাগামী বলাকা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া এক্সপ্রেস এবং আন্তঃনগর তিস্তা গফরগাঁও থেকে ময়মনসিংহের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

এএসআই মো. দাদন মিয়া জানান, দুর্ঘটনার পর ট্রেনের ইঞ্জিন উদ্ধারে জন্য বিলিফ ট্রেন খবর দেয়া হয়। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত করলে রাত সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।