গাজীপুরে জঙ্গি সন্দেহে যুবক আটক


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৯ জুলাই ২০১৬
প্রতীকী ছবি

গাজীপুরে শ্রীপুরের মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের একটি মসজিদ থেকে জঙ্গি সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার জুমার নামাজের পর পারভেজ সাকি (২৪) নামে এক যুবককে মসজিদে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে মুসল্লিরা মসজিদ এলাকা থেকে আটক করে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে এলাকাবাসী ও মুসল্লিরা ওই যুবকের দেহ তল্লাশি করে তার কাছে হাতে লেখা দিক একটি চিঠি পায়।

হাতে লেখা চিঠিতে ‘মুসলমানদেরকে টার্গেট করা যাবে না।’ ‘সবাই যেন আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত হয়’ ইত্যাদি ছাড়াও বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা লেখা রয়েছে। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায় বলে আটক যুবক পারভেজ সাকি পুলিশকে জানিয়েছে। আটক ওই যুবককে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আমির হোসেন জানান, জঙ্গি সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে সে সত্যিই জঙ্গি কিনা তা যাচাই করা হচ্ছে।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।