জঙ্গি কারা তৈরি করেছে তা সরকারের কাছে পরিস্কার


প্রকাশিত: ০২:০৩ পিএম, ৩০ জুলাই ২০১৬

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেছেন, দেশে এখন যা শুরু হয়েছে তা তারাই করছে, যারা এখন ক্ষমতায় নেই। তারা ক্ষমতায় যাওয়ার জন্যই মানুষ হত্যার মতো জঘন্য কাজে ব্যস্ত হয়েছে। তারা ইসলামের চরম ক্ষতি করছে। আর এর অর্থের যোগান দিচ্ছে ইহুদিরা।

মন্ত্রী বলেন, আমাদের দেশের সাম্প্রতিক যেসব জঙ্গি ঘটনা ঘটেছে তারা আইএস’র জঙ্গি নয়, আমাদের দেশে সৃষ্ট জঙ্গি। স্থানীয়ভাবে তাদের তৈরি করা হয়েছে। কারা তৈরি করেছে তা সরকারের কাছে পরিস্কার।

মন্ত্রী শনিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ডে) বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের কুমিল্লা বিভাগীয় (প্রস্তাবিত) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। এতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোজ্জাম্মেল হক সরকার বকুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বিরু, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেনসহ আরো অনেকে।

সম্মেলনে কুমিল্লা বিভাগের ৩৩ জন উপজেলা চেয়ারম্যান, ১৭ জন নারী ভাইস চেয়ারম্যান ও ১২জন ভাইস চেয়ারম্যান অংশ নেন।

সম্মেলনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ারকে সভাপতি ও জেলার হোমনা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কুমিল্লা বিভাগীয় উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন গঠন করা হয়।

পরে বিকেলে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে জঙ্গিবাদ বিরোধী এক মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

মো. কামাল উদ্দিন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।