ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা


প্রকাশিত: ১২:০২ পিএম, ৩১ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। চাঁদনী আক্তার (২২) নামে ওই গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে শ্বাসরোধে হত্যা করে নির্জন স্থানে ফেলে চলে যায় স্বামী সুমন।   

রোববার বেলা ৩টার দিকে ফতুল্লার উত্তর নরসিংপুর টাওয়ার এলাকা থেকে চাঁদনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত চাঁদনী আক্তার বরগুনার আবুল কালামের মেয়ে। মুসলিমনগর নয়াবাজার এলাকার জুয়েলের বাড়িতে ভাড়া থাকতেন তারা।  

নিহত চাঁদনীর মা আনোয়ার বেগম জানান, তার মেয়ে চাঁদনী আক্তার ফতুল্লার বিসিক শিল্পনগরীর লতিফ গার্মেন্টেসে চাকরি করতো। তিন বছর আগে সম্পর্ক করে একই থানার আলীগঞ্জ এলাকার নিজাম উদ্দিনের ছেলে ট্রাক চালক সুমনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমন তার মেয়েকে নির্যাতন করে আসছিল। এমনকি বিয়ের পর চাঁদনীকে কোনো ভরণপোষণ দিতো না সুমন।

ফলে চাঁদনী তার বাবার বাড়িতে চলে আসে। এর মধ্যে চাঁদনীর সংসারে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। সন্তানের বয়স যখন ৪-৫ মাস তখন ধর্মগঞ্জ এলাকায় শিশুটিকে পাঁচহাজার টাকা বিক্রি করে দেয় সুমন। ঘটনার খবর পেয়ে শিশুকে উদ্ধার করা হয়। তার কয়েক মাস পর গুরুতর অসুস্থ হয়ে শিশুটি মারা যায়। এরপর চাঁদনীর উপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় সুমন।    

তিনি আরো জানান, চাঁদনীর কর্মস্থল থেকে বের হলে সুমন তাকে রাস্তা থেকে বহুবার তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। শনিবার রাত ৮টার সময় চাঁদনী ডিউটি শেষে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় সুমন। পরে সংবাদটি চাঁদনীর বাবা মাকে ফোন করে জানিয়ে দেয় সুমন।

রোববার সকালে সুমন চাঁদনীর বাবা-মাকে ফোন করে জানায় চাঁদনীর মরদেহ তার চাচার বাড়ির সামনে রয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে চাঁদনী আক্তারকে স্বামী সুমন শ্বাসরোধে হত্যা করেছে। পরে তার মরদেহ একটি নির্জন স্থানে ফেলে চলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
        
মো: শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।