আদালতপাড়া থেকে পালানো আসামির আত্মসমর্পণ


প্রকাশিত: ০১:২৩ পিএম, ০২ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়া থেকে হাতকড়া ফেলে পালানোর তিন দিন পরে আদালতে আত্মসমর্পণ করেছেন মাদক মামলার আসামী শরিফ মিয়া।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে শরিফ মিয়া আত্মসমর্পণ করেন।

এর আগে রোববার বিকেলে আদালতপাড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় শরিফ মিয়া। শরিফ মিয়া (৩৫) রূপগঞ্জের মোসলেম উদ্দিনের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে শরিফ মিয়া। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই সকালে শরিফসহ বিভিন্ন থানার আসামিদের হাতকড়া পড়া অবস্থায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হচ্ছিল। এসময় আড়াইহাজার থানার ৮৬ জন আসামি নিয়মিত আদালতে হাজিরা দেয়। আসামিদের ভিড়ের মধ্যে হাজতী শরিফ সু-কৌশলে হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যায়। এ ঘটনায় নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের টিএসআই আবুল কালাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।  

শাহাদাত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।