শ্রীপুর কলেজের সাবেক অধ্যক্ষের রিমান্ড নামঞ্জুর
গাজীপুর জেলার শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষের রিমান্ডের আবেদন না মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার শুনানি শেষে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হাই এ আদেশ দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল হোসেন জানান, নাশকতার একটি মামলায় শ্রীপুর থানা পুলিশ বৃহস্পতিবার সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে। পরে তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জিন্নাহ জিজ্ঞাসাবাদের জন্যে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায়। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারক রিমান্ড না মুঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী আবুল হাসেম জানান, ২০০৯ সালে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়ে অধ্যক্ষ তোফাজ্জল হোসেনকে কলেজ থেকে বের করে দেয় স্থানীয় প্রভাবশালীরা। এ ঘটনায় অধ্যক্ষ আদালতে মামলা করেন। গত বৃহস্পতিবার শ্রীপুর বাজার থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে মামলা প্রত্যাহারের জন্যে চাপ দেয়। রাজি না হওয়ায় ২০১৫ সালের জানুয়ারি মাসের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। ওই মামলার আসামি তালিকায় তার নামও নেই বলে জানান আইনজীবী আবুল হোসেন।
মোঃ আমিনুল ইসলাম/এএম/এবিএস