এনজিওর নামে কোটি টাকা নিয়ে উধাও


প্রকাশিত: ১০:২১ এএম, ০৪ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পল্লী সেবা ফাউন্ডেশন (পিএসএফ) নামে ভুয়া একটি এনজিও সংস্থা গ্রামের লোকদের প্রায় ২ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে।

লোন দেয়ার নামে এনজিও সংস্থার লোকজন প্রায় দুই হাজার নারী-পুরুষের টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে কয়েকশ গ্রাহক সঞ্চয় বই হাতে ফতুল্লা মডেল থানায় হাজির হয়ে পল্লী সেবা ফাউন্ডেশন (পিএসএফ) এর কর্মকর্তাসহ মাঠকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এছাড়া ফতুল্লার ফাজিলপুরের নাসিরের স্ত্রী শাহনাজ বেগম সকল সদস্যের পক্ষে বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।

শাহনাজ বেগম জানান, পল্লী সেবা ফাউন্ডেশন (পিএসএফ) নামক একটি এনজিও সংস্থা ফতুল্লার গাবতলী এলাকায় অফিস খোলে। মাঠকর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে অতিরিক্ত লোন দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকায় কয়েক হাজার সদস্য তৈরি করেন।Narayanganj

প্রতিটি এলাকায় গিয়ে একজন করে দলনায়ক করে ৮/১০ জন সদস্যকে ২/৩ লাখ টাকা লোন দেয়ার নাম করে প্রতিদিন সঞ্চয়ের টাকা নেয়। এমনকি তার কাছ থেকে ৪০ হাজারসহ তার গ্রুপের প্রায় দেড় লাখ টাকা সঞ্চয় করে। বুধবার শাহনাজসহ তাদের কয়েকজনকে লোন দেয়ার কথা থাকলেও সবাই অফিসে গিয়ে দেখে অফিস তালা বন্ধ। এমনকি এনজিওর কর্মকর্তাসহ মাঠকর্মীদের ফোন নাম্বারও বন্ধ পাওয়া যায়।

ভুইয়ারবাগের কানুন বালা জানান, পল্লী সেবা ফাউন্ডেশন (পিএসএফ) নামে একটি এনজিও সংস্থার মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ১০/১২ জন করে একটি গ্রুপ করে সদসস্য অন্তর্ভুক্ত করে লোন দেয়ার কথা বলেন। সকল সদস্যের কাছ থেকে ৫০০/১০০ টাকা করে সঞ্চয়ের টাকা নিয়ে প্রায় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা নেয়। তাদের সবাইকে অল্প সুদে ৫০ হাজার টাকা করে লোন দেয়ার কথাও জানান। বৃহস্পতিবার লোন দেয়ার কথা থাকলেও তাদের অফিসে গিয়ে জানতে পারি ফতুল্লার কয়েক হাজার লোকের প্রায় ২/৩ কোটি টাকা নিয়ে সমিতির লোকজন পালিয়ে গেছে।

পঞ্চবটির গাড়ি ব্যবসায়ী মিঠুন জানান, কয়েকজন মিলে সঞ্চয় করেছিলাম। এই সঞ্চয় থেকে ৪ লাখ টাকা লোন দেয়ার কথা ছিল। আর সেই টাকা দিয়ে ব্যবসার কাজে লাগানোর চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু লোন পাওয়ার আশায় তাদের কাছ থেকে সঞ্চয়ের প্রায় এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায় সমিতির লোকজন।

ফতুল্লা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম মোস্তফা জানান, পল্লী সেবা ফাউন্ডেশন (পিএসএফ) নামে একটি এনজিও সংস্থার নাম করে কয়েক শত লোকের টাকা নিয়ে পালিয়েছে এ সংক্রান্তে বেশ কিছু লোকজন থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।          

শাহাদাত হোসেন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।