উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে আহত : আটক ৪
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কদমরসুল কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় রিফাত নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। এ সময় চার বখাটেকে আটক করেছে পুলিশ।
আটক বখাটেরা হচ্ছে- হাসিবুর (১৭), বর্শাত (১৭), রাতুল (১৮) ও নাঈম (২১)।
রোববার দুপুরে উপজেলার কদমরসুল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
কদমরসুল কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন জানান, মারধরের ঘটনার পর চার বখাটে কলেজে ঢুকে পড়লে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। এর মধ্যে দুজন কলেজের ছাত্র বলে দাবি করেছে। তবে তাদের পরনে কলেজের ড্রেস ও আইডি কার্ড ছিল না। তাই তাদের কলেজের ছাত্র বলে চিহ্নিত করা যায়নি।
বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে চার বখাটে কলেজে গিয়ে আশ্রয় নেয়। পরে কলেজ থেকে চার বখাটেকে আটক করা হয়। আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মো. কামাল উদ্দিন/এএম/এবিএস