গানে গানে বানভাসিদের জন্য অর্থসংগ্রহ


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৯ আগস্ট ২০১৬

দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ঘরছাড়া লাখো মানুষকে ত্রাণসহায়তা দেয়ার লক্ষ্যে গিটার ও বাধযন্ত্র নিয়ে গান গেয়ে মানুষের কাছ থেকে অর্থসংগ্রহ করছেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা।

মঙ্গলবার বিকাল ৫টায় জেলা শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে সাংস্কৃতিক সংগঠন সমগীত ও ছাত্র ফেডারেশনের যৌথ উদ্যোগে গানের মাধ্যমে অর্থসংগ্রহণ শুরু করে। পরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

সংহতি প্রকাশ করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল বলেন, বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা মহৎ উদ্যোগ। মানুষের পাশে মানুষ দাঁড়ানোর নতুন প্রক্রিয়াও বটে। এতে মানুষ উদ্বুদ্ধ হবে।  

এ সময় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
 
এর আগে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মশিউর রহমান রিচার্ড জানান, দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ঘরছাড়া লাখো মানুষ মানবেতর জীবন যাপন করছে। তাদেরকে ত্রাণসহায়তা দেয়ার লক্ষ্যে ছাত্র ফেডারেশন ৪ দিনব্যাপী বন্যার্ত সহযোগিতা কেন্দ্র স্থাপন করেছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে।

মো: শাহাদাত হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।