বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার দণ্ড
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় ওই স্কুলছাত্রীর বাবা আলী আক্কাছকে এ কারাদণ্ড দেয়া হয়। এদিকে বাল্যবিয়ে ভেঙে দিয়ে ছাত্রীর বাবাকে কারাদণ্ড দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের আলী আক্কাছের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই ইউনিয়নের ঝাউচর গ্রামের ইদু মিয়ার ছেলে আরিফের (২৯) বিয়ে ঠিক হয়।
পরে দুই পরিবার মিলে ওই ছাত্রীর রেজিস্ট্রি করে বিয়েও দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সোমবার বরযাত্রী এসে মেয়েকে উঠিয়ে দেয়ার সময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি দল ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন।
আনুষ্ঠানিকতা বন্ধের পরও ওই ছাত্রীকে ছেলের পরিবারের কাছে তুলে দেন ছাত্রীর পরিবার। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ের দেয়ায় মেয়ের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাল্যবিয়ে দেয়ার অভিযোগে ৮ম শ্রেণির ওই ছাত্রীর বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি