লক্ষাধিক ভোটে জিতলেন ধানের শীষের মীর হেলাল
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রায় এক লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের গণনা শেষে সংশ্লিষ্ট আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৪৩টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নাছির উদ্দীন মুনির (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৪ হাজার ভোট। এ হিসাবে দুজনের ব্যবধান প্রায় এক লাখ।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, এ আসনে মোট ভোটগ্রহণ হয়েছে প্রায় ৪৫ দশমিক ১০ শতাংশ।
ফলাফল ঘোষণার পর হাটহাজারী ও বায়েজিদ এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উল্লাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিছিল ও আনন্দ সমাবেশ করতে দেখা গেছে সমর্থকদের।
বিজয়ী প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল এক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ধানের শীষ প্রতীকে ব্যাপক সমর্থন দেওয়ায় তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে ঋণী।
চট্টগ্রাম-৫ আসনটি একটি পৌরসভা, ১৪টি ইউনিয়ন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের দুটি ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৫ হাজার ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৬২৩, নারী ভোটার ২ লাখ ৪০ হাজার ৫২২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। এ ছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৬ হাজার ৭৭০ জন।
এমআরএএইচ/এএসএ/জেআইএম