বেপরোয়া ওষুধ কোম্পানির প্রতিনিধিরা : বিপাকে রোগী


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২১ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বেপরোয়া হয়ে উঠেছে। এতে ডাক্তারদের যেমন সেবা দিতে সমস্যায় পড়তে হচ্ছে তেমনি রোগীরাও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সামনে রোগের বিবরণ বলতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন।

এ নিয়ে শনিবার সকালেও হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের স্টাফরা প্রতিবাদ করলে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা হয়।

তবে অভিযোগ উঠেছে, কোম্পানির লোকজন হাসপাতালে বেপরোয়া কর্মকাণ্ড করলেও রহস্যজনক কারণে চিকিৎসকরা নিরব ভূমিকা পালন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাকডাকা ভোরেই ওষুধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতালের সামনে এসে ভিড় জমায়। এরপর একে একে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রায় শতাধিক প্রতিনিধি হাসপাতালের বিভিন্ন ডাক্তারের কক্ষে প্রবেশ করে রোগীদের বসার স্থানের কাছে দাঁড়িয়ে থাকে। তারা ডাক্তার না ডাক্তারের সহকারী বিষয়টি অনেক রোগীই বোঝেন না।

আবার কেউ বুঝলেও তাদের সামনে ডাক্তারকে রোগের বিবরণ বলতে লজ্জায় থমকে থাকেন। এতে যে সময়টি একজন ডাক্তার ২/৩ জন রোগী দেখবেন সেই সময়টি একজন রোগী নিয়েই বসে থাকতে হয়। এমন অভিযোগ দীর্ঘদিনের। এ সমস্যা সমাধানের জন্য জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসনের যৌথ সভায় সমাধান হয় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সপ্তাহে ২দিন হাসপাতালে দুপুর ১২টার পর থেকে পরিদর্শন করতে পারবেন।

এছাড়া কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতালে প্রবেশ করে ডাক্তারের কক্ষে দাঁড়াতে পারবেন না। এমন নিয়মনীতি করা হলেও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তা মানছেন না। যার ফলে প্রায় সময় রোগীদের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বাকবিতণ্ডা হয়ে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের স্টাফরা জানান, হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা রয়েছে। তাদের ম্যানেজ করে ওষুধ কোম্পানির লোকজন জোর করেই হাসপাতালে প্রবেশ করেন। এরপর তাদের ইচ্ছে মেো রোগীদের আটকিয়ে নিজ নিজ কোম্পানির ওষুধ ক্রয় করার জন্য সাদা কাগজে নাম লিখে দেয়। হাসপাতাল স্টাফরা কেউ এর প্রতিবাদ করলে তাদের বদলি করিয়ে দেয়ার হুমকি দেয়।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাস জানান, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে ১২টার পর প্রবেশ করার জন্য নিয়ম করে দেয়া হয়েছে। এতে কেউ যদি নিয়মের বাইরে হাসপাতালে প্রবেশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।