না.গঞ্জ আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমা রহমানের ইন্তেকাল
নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেত্রী অধ্যাপক নাজমা রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টা ১০ মিনিটে তিনি আমেরিকার আরিজোনার মিসায় ব্যানার বয়উড হার্ট হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে নাজমা রহমানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই মেয়ে, এক ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
নাজমা রহমান নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাবেক কেন্দীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ দেশে আনা হবে কিনা সেটা এখনো নিশ্চিত না।
জানা গেছে, নাজমা রহমান ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্রজীবনের শুরুতে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করতেন। আশির দশকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। এরশাদ সরকারের আমলে পান্থপথে আওয়ামী লীগের মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। সেই থেকে তিনি মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন।
পরবর্তীতে হৃদরোগ ও ডায়বেটিক রোগেও ভোগেন। এ পর্যায়ে কিডনির সমস্যায়ও তাকে ভুগতে হয়। নাজমা রহমান আমেরিকার আরিজোনায় তার বড় মেয়ে তানিয়া রহমান লুনার বাসায় অবস্থান করে গত দুই বছর ধরে চিকিৎসারত ছিলেন। গত ১৬ আগস্ট তিনি গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে তাকে গত তিনদিন লাইফ সাপোর্টে রাখা হয়।
নাজমা রহমান সাপ্তাহিক পূর্বানী, চিত্রালী ও দৈনিক সকাল বার্তায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। বেশ কিছুদিন তিনি নারায়ণগঞ্জ কলেজে শিক্ষকতা করেন।
শাহাদাত হোসেন/এসএস/এবিএস