যশোরে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত


প্রকাশিত: ০৭:০৪ এএম, ২১ আগস্ট ২০১৬

যশোরে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক শফিকুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ১০ জন যাত্রী। রোববার সকাল ৬টার দিকে যশোর নিউ মার্কেট তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক শফিকুল ইসলাম সাতক্ষীরা সদরের হাজীপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- ট্রাকের হেলপার সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের বকিব উদ্দিনের ছেলে শিপন (১৮), বাসের যাত্রী পাবনার মোবারক হোসেনের ছেলে শিমুল (৩১), যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে বাদল (৪০), খুলনার রুস্তম আলীর ছেলে লিয়াকত আলী (৪০)।

আহত আবুল হোসেন (৪৫) ও আরাফাতের (২১) পরিচয় জানা যায়নি। বাসের চালকসহ আরো অন্তত ৪/৫জনকে ঢাকায় নেওয়া হয়েছে বলে আহতরা জানিয়েছেন।

ট্রাকের হেলপার শিপন জানান, সাতক্ষীরা থেকে পাথর বোঝাই করে ট্রাক নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে রোববার সকাল ৬টার দিকে যশোর নিউ মার্কেট তেল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে আসছিল। এ সময় ট্রাকচালক রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক শফিকুল মারা যান।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, নিউ মার্কেট এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিলন রহমান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।