গাজীপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ : আহত ৩০


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ২৩ আগস্ট ২০১৬

গাজীপুরে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনায় পুলিশ-শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুরের পুবাইল মিরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুবাইলের হারবাইদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আবু বকর সিদ্দিককে এক অভিভাবক কর্তৃক মারধরের ঘটনার বিচার দাবি করে ওই স্কুলের শিক্ষার্থীরা সকালে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টঙ্গি-ঘোড়াশাল সড়কের মিরের বাজারে এসে সড়ক অবরোধ করে। এতে উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের সড়ক থেকে সরাতে লাঠিচার্জ শুরু করে। এতে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ বেধে যায়।

এ ঘটনায় জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন এবং স্কুলের অন্তত ৩০জন শিক্ষার্থী আহত হন। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুবাইল পুলিশ ক্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে। পরে শিক্ষার্থীরা অবরোধ সরিয়ে নিয়ে স্কুলের মাঠে গিয়ে বিক্ষোভ করতে থাকে।

আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।