টঙ্গীতে সড়কের উপর পশুর হাট না বসানোর নির্দেশ


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

পবিত্র ঈদুল আযহায় গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী-কামারপাড়া সড়কের উপর পশুর হাট না বসানোর জন্য নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা আসার পর সোমবার এ সিদ্ধান্তের কথা জানান গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম।

সোমবার বিকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সঙ্গে গাজীপুর জেলা প্রশসেকের ভাওয়াল সম্মেলন কক্ষে ঈদুল আযহা উপলক্ষে নিরাপদে ঘরে ফেরা ও নির্ধারিত স্থানে কুরবানি পশু জবাই সংক্রান্ত বিষয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেন, টঙ্গী-কামারপাড়া সড়কে কুরবানির পশুর হাট বসানো যাবে না। এটি কর্তৃপক্ষের নিদের্শনা।

গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম বলেন, সড়কে কুরবানির পশুর হাট না বসানোর জন্য ভারপ্রাপ্ত মেয়রের সঙ্গে কথা হয়েছে। সিটি কর্পোরেশনও এই সিদ্ধান্ত নিয়েছে।

কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জামিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান আনিস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।