শ্রীপুরে মরদেহ গুমের মামলায় গ্রেফতার ৪


প্রকাশিত: ০৭:০২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরের শ্রীপুরে হত্যার পর মরদেহ গুমের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে ঢাকা এবং অন্যান্য স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- তৈয়বুর রহমান (৪০), রবিউল ইসলাম, মো. শাহীন ও উজ্জ্বল।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ জানান, প্রথমে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে অন্যদের গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ২৩ আগস্ট মঙ্গলবার রাত ১০টার দিকে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর খালিয়াটিপাড়ার ফলজ আকাশি বনের পাশে স্যুটকেসের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

তার নাম রোকসানা আক্তার নিপা (২৯)। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাহিরচাপড়া রাজুরবাজার এলাকার মৃত আব্দুর রউফের দ্বিতীয় সন্তান। তিনি সপরিবারে ঢাকা উত্তরার দক্ষিণখান প্রেমবাগান এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় ওই নারীর ভাই মো. শরিফুল ইসলাম বাপ্পি বাদী হয়ে ২৪ আগস্ট শ্রীপুর থানায় একটি মামলা করেন। পরস্পর যোগসাজশে হত্যা করে লাশ গুম করার অপরাধে অজ্ঞাত ব্যক্তিদের এতে অভিযুক্ত করা হয়।

আমিনুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।