রাস্তায় চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান বলেছেন, রাস্তায় কোনো চাঁদাবাজি হবে না। আমাদের পুলিশের পোশাক পরা হোক আর অন্য যে কেউ হোক না কেনো তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধনের সময় এসব কথা জানান।
ডিআইজি আরো বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরে তিনি ঈদে সড়ক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কমিউনিটি পুলিশের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় অন্যান্যের মধ্যে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ ও হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম/এফএ/পিআর