কুমিল্লায় সাংবাদিক পরিবারের ওপর হামলা : আহত ৩


প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫

কুমিল্ল­ার হোমনা উপজেলায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের সদস্যদের ওপর হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে হোমনা পৌরসভার পূর্ব শ্রীমদ্দি গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় দৈনিক ইত্তেফাকের হোমনা প্রতিনিধি কামাল হোসেনের পরিবারের বাবা, মা ও বোন আহত হয়েছেন।

দৈনিক ইত্তেফাকের হোমনা প্রতিনিধি ও সাপ্তাহিক হোমনার আলো’র সম্পাদক কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাগোনিউজকে তিনি জানান, তার নিজ বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে একই গ্রামের আজগর আলীর ছেলে জলিল মিয়া (৪২) ও হাসেম মিয়ার ছেলে স্থানীয় সন্ত্রাসী ধনমিয়া (৩৮) তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

তিনি দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষীপ্ত হয়ে ওই দুইজনের নেতৃত্বে সন্ত্রাসীরা বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করে। এসময় বাধা দিলে সন্ত্রাসীরা তার বাবা তোফাজ্জল হোসেন মিয়া(৬৫), মা ফাতেমা বেগম(৫৫) এবং কলেজ পড়ুয়া বোন আয়েশার (১৬) ওপরও হামলা চালায়।

এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে হোমনা থানা পুলিশের ওসি কামরুজ্জামান শিকদার জাগোনিউজকে বলেন, সাংবাদিক কামালের বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।