কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে এক বখাটে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি জিসি উচ্চ বিদ্যালয় এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন বিকেল সাড়ে ৪টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একই ইউনিয়নের ঘোলপাশা গ্রামের জনৈক ব্যক্তির (১৬) মেয়ে বৃহস্পতিবার সকালে সলাকান্দি জিসি উচ্চ বিদ্যালয়ে গিয়ে ২০১৫ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নেয়। এরপর বেলা ১১টার দিকে বাড়ি ফেরার পথে পাশ্ববর্তী বাহেরগড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে বিদেশ ফেরত রাজু আহমদ (২৪) তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বখাটে রাজু আহমেদ ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিল। সম্প্রতি এলাকার লোকজন বখাটেকে মারধর করলে বেশ কয়েকদিন সে শান্ত থাকে। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার সে মুক্তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে সলাকান্দি জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন জাগোনিউজকে জানান, মেয়েটিকে উদ্ধারের জন্য পরিচালনা কমিটিকে নিয়ে একটি বৈঠক করে ছেলের অভিভাবককে তাগিদ দেয়া হয়েছে। কিন্তু মেয়েকে না এনে দেয়ায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
অপহরণের বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ জানান, স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে ভিকটিম উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএএস/আরআই