সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধার ছেলে নিখোঁজ


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার খাগুটিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আইয়ুব হোসেন সরকারের ছোট ছেলে সৌরভ হোসেন সরকার তিন দিন ধরে নিখোঁজ। মুক্তিযোদ্ধার ছেলে নিখোঁজ হওয়ার সংবাদে এলাকায় নানা ধরনের গুঞ্জন চলছে।

এ ব্যাপারে সৌরভের বড় ভাই মো. সাদেক হোসেন সরকার বাদী হয়ে বুধবার দুপুরে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজের বড় ভাই সাদেক হোসেন জানান, সৌরভ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর তার পরিবার তাকে নারায়ণগঞ্জের খানপুরে একটি টেকনিক্যাল ইনস্টিটিউশনে ড্রাইভিং কোর্সে ভর্তি করে। প্রায় দুই মাস আগে কোর্সটি সম্পন্ন কারার পর বেশ কিছু দিন বেকার ছিল সে।

হঠাৎ করে গত ১৭ সেপ্টেম্বর শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সৌরভ আর বাড়ি ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও কোথাও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, আমরা বিষয়টিকে সাধারণ ডায়েরি হিসেবে নিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শাহাদাত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।