টুম্পা হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরের গৃহবধূ নুসরাত জাহান টুম্পা (৩০) হত্যার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় অভিযুক্ত স্বামী কাউন্সিলর সোলায়মান মিয়ার ফাঁসি দাবি করা হয়।
 
বৃহস্পতিবার বেলঅ ১১টার দিকে সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। দেড় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি চলে।  

এ সময় নিহত নুসরাত জাহান টুম্পার বাবা নজরুল ইসলাম, মা সেলিনা ইসলাম এবং ছেলে নির্জন ইসলাম নাফি (৮) টুম্পা হত্যার বিচারের দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Gazipur

তারা বলেন, তাদের মেয়ে নুসরাত জাহান টুম্পাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ধরনের নির্মম ঘটনা এদেশে যেন আর না ঘটে। হত্যাকারী সোলায়মান মিয়াকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন তারা।  

এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর শফিকুল আমিন তপন, আজাহারুল ইসলাম মোল্লা, মো. খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ মো. আক্কাস আলী, মো. সোলায়মান, বিএনপি নেতা মো. ইদ্রিস আলী সরকারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত রোববার রাতের কোনো এক সময় টুম্পাকে নির্যাতন করে হত্যার পর স্বামী সোলায়মান বাসার বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যান। সকালে কাজের বুয়া বাসায় দরজা বন্ধ দেখতে পেয়ে টুম্পার মাকে মোবাইল করেন।

খবর পেয়ে তারা ওই বাসায় এসে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের ওপর টুম্পার দেহ পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টুম্পাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে টুম্পার স্বামী সোলায়মান পলাতক।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।