মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

যশোরে মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নীলুফার শিরিন এই আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, বরিশাল কোতোয়ালী থানার দক্ষিণ সাগরদী গ্রামের হাজী জয়নাল আবেদিন বেপারীর ছেলে জামিল হোসেন ওরফে জামাল হোসেন ওরফে রাজিব ও আবদুল খালেক বেপারীর ছেলে সোহেল রানা। তারা দুইজনই কারাগারে বন্দী আছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৮ ডিসেম্বর কোতোয়ালী থানার এসআই তোফায়েল আহম্মেদ গোপন সংবাদে শহরের বেজপাড়ার বিকে রোড এলাকা থেকে জামিল ও সোলেহ রানাকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে এসআই তোফায়েল আহম্মেদ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১২ সালের ২০ জানুয়ারি ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই ফারুক হোসেন। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডে আদেশ দিয়েছেন।
 
মিলন রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।