বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তলসহ আটক ৩


প্রকাশিত: ১১:০৭ পিএম, ১০ অক্টোবর ২০১৬

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২টি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২টি রামদাসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার রাত ১২টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তের রাজগঞ্জ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের তাহাজ্জত মোড়লের ছেলে জাহিদ হোসেন (৩৫) ও তার ভাই জাকির হোসেন (৩০) এবং একই এলাকার নওশের আলীর ছেলে আব্দুল্লাহ (৩৮)।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের রাজগঞ্জ গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে দু’টি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২টি রামদা নিয়ে দেশে প্রবেশ করতে গেলে তাদেরকে আটক করা হয়েছে। অস্ত্রসহ আটকদের রাত ২টায় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি সদস্যরা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে তাদের জিজ্ঞাসাবাদ শেষে যশোর আদালতে পাঠানো হবে।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।