সীতাকুণ্ডে কথিত বন্দুকযুদ্ধে শিবির কর্মী নিহত


প্রকাশিত: ০২:১২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নুনাছড়া এলাকায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে এক শিবির কর্মী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও চারজন। শনিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ডের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর আহত অবস্থায় রাত পৌনে ১২টার দিকে পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে আরিফকে (২২) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতরা হলেন- রুবেল, সোহেল, হাবিব ও পারভেজ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, বটতলা ও নুনাছড়ার মাঝামাঝি কলাবাড়িয়া এলাকায় অবরোধকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অবরোধকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে মারলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়। তিনি জানান, এ সময় পাঁচ শিবিরকর্মীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি পিস্তল, দু’টি পেট্রোল বোমা ও ১০টি ককটেল উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক মো. হামিদ জানান, আহত চারজনকে চিকিৎসাধীন রয়েছেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।