পানিতে চুবিয়ে ইঁদুরের মৃত্যুদণ্ড কার্যকর


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৬

শেরপুর খামারবাড়ি মিলনায়তনে সোমবার (৩১ অক্টোবর) মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। অনুষ্ঠানে পানিতে চুবিয়ে একটি ইঁদুরের মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের শুভ সূচনা করা হয়।  

এ সময় তথ্য উপস্থাপন করে বলা হয়, প্রতি বছর প্রায় ১৫ লাখ টন খাদ্যশস্য ইঁদুর খায় বা নষ্ট করে। ইঁদুর প্লেগ, জন্ডিস, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ, কৃমিসহ ৬০ প্রকার রোগের বাহক ও বিস্তারকারী। তাই সমন্বিতভাবে ইঁদুর নিধন অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

ইঁদুরের হাত থেকে ফসল রক্ষার জন্যই কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রতি বছরের মতো এবারো মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু করেছে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানোয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, শামীম আরা শামীমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরিন বেগম ফাতেমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা প্রমুখ।

অনুষ্ঠানে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন আইসিএম ক্লাবের সদস্যসহ শতাধিক কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন।

হাকিম বাবুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।