টেকনাফে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে `বন্দুকযুদ্ধে` এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হ্নীলা ইউনিয়নের আলীখালির নাফনদীর মোহনায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াবা ব্যবসায়ীর নাম মোহাম্মদ হোসেন (৩৮)। মোহাম্মদ হোসেন আলীখালী এলাকার মোজাফ্ফরের পুত্র। এ ঘটনায় ৪০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার হয়েছে বলে বিজিবির দাবি।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে নাফনদীর মোহনায় কয়েকজন ব্যক্তিকে দেখে বিজিবি সদস্যরা এগিয়ে যায়। এ সময় বিজিবিকে লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি বর্ষণ করলে দুই বিজিবি সদস্য আহত হন।
বিজিবিও পাল্টা গুলি করে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ওখানে পাওয়া যায় ৪০ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরী বন্দুক। বিজিবির দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিএ/আরআইপি