ঘুমন্ত শিশুকে ডোবায় ফেলে হত্যা করলেন মা


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২২ নভেম্বর ২০১৬

গাজীপুরের কালিয়াকৈর পাঁচ মাসের শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় ডোবায় ফেলে হত্যা করেছেন মর্জিনা আক্তার (২২) এক মা। এ ঘটনায় মাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সায়মা আক্তার সিরাজগঞ্জের উল্লাহপাড়া থানার পুংখারুয়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে। গ্রেফতার মা মর্জিনা আক্তারের বাড়ি একই জেলার চৌহালি থানার কুরকি এলাকায়। কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মর্জিনা আক্তার ও সাইফুল ইসলাম কালিয়াকৈরের এটিএস কারখানায় চাকরি করেন। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

একপর্যায়ে তারা বিয়ে করেন। এক বছর আগে তারা উপজেলার তেলিরচালা ইব্রাহিম মিয়ার কলোনিতে ভাড়া উঠেন। বিয়ের ছয় মাস পর মর্জিনার কন্যা সন্তান হয়।

বিয়ের ছয় মাস পর সন্তান হওয়া নিয়ে কলোনির লোকজন সমালোচনা করেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। সোমবার রাতে কারখানা থেকে ফিরে ঘুমন্ত শিশুকে বাড়ির পাশের ডোবায় ফেলে দেন মা।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে ডোবায় শিশুর মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় মর্জিনা আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সন্তান হত্যার কথা স্বীকার করেন। পরে তার বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
 
মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।