ট্যাম্পাকোর হতাহত শ্রমিকদের পরিবারের পাশে শিল্প উদ্যোক্তারা
ট্যাম্পাকো কারখানায় দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজদের স্বজনদের আর্থিক অনুদান দিয়েছেন টঙ্গী বিসিক শিল্প নগরীর কারখানা মালিকেরা। শনিবার দুপুরে বিসিকের ডেসকো সাব-স্টেশন প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে নগদ অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। তিনি নিহত ও নিখোঁজ শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ২৭ হাজার টাকা ও আহতদের ১১ হাজার টাকা করে নগদ অনুদানের টাকা প্রদান করেন। এছাড়া স্থানীয় রেডিসন পোশাক কারখানার নিহত শ্রমিক (পথচারি) আসমার পরিবারকে নগদ ৫০ হাজার টাকার অনুদান দেয়া হয়।
ট্যাম্পাকো কর্তৃপক্ষ এখনো দুর্গত শ্রমিকদের পাশে না দাঁড়ানোয় বিস্ময় প্রকাশ করে এমপি জাহিদ আহসান রাসেল বলেন, কারখানা ধ্বংসপ্রাপ্ত হলেও মালিক ধ্বংস হননি তা আমরা ভাল করেই জানি। ট্যাম্পাকোর উপার্জন দিয়ে মালিক বহু অর্থসম্পত্তির মালিক হয়েছেন। শ্রমিকেরা যখন মানবেতর জীবন যাপন করছেন মালিক তখন বিলাসী জীবন যাপন করছেন। ন্যূনতম মানবতাবোধ থাকলে কোনো মালিকই এমন নিষ্ঠুর হতে পারেন না।
এমপি আরও বলেন, আমি অনুষ্ঠানে থেকেই মোবাইলে শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রতিমন্ত্রী বলেছেন, অল্প কয়েক দিনের মধ্যেই ট্যাম্পাকোর হতাহত শ্রমিকদের পরিবারের মাঝে সরকার ঘোষিত অনুদানের চেক বিতরণ করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাজীপুর জেলা বিসিক’র উপ-ব্যবস্থাপক আলহাজ মো. আবুল বাশার, টঙ্গী বিসিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, টঙ্গী বিসিক মালিক সমিতির সহ-সভাপতি সরকারি ন্যাশনাল টিউব কারখানার সাবেক সিবিএ সভাপতি আব্দুল কুদ্দুস ও তার সহোদর শ্রমিক মালিকানায় পরিচালিত সরকারি অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বিকম মতি প্রমুখ উপস্থিত ছিলেন ।
আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি