আইভীকে শাড়ি উপহার দিলেন শামীম ওসমান


প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রিন্ট করা দুটি শাড়ি উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শাড়ি উপহার দেয়ার কারণ হিসেবে শামীম ওসমান মনে করেন আইভী এই শাড়ি পরে নির্বাচনী প্রচারণায় গেলে মানুষ মনে করবেন আইভীর সঙ্গে শামীম ওসমান রয়েছে। তবে শাড়ি দুটি সরাসরি আইভীকে না দিলেও আইভীর কাছে পৌঁছে দেবেন বলেও জানান তিনি।

শুক্রবার বিকেল ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে সংবাদ সম্মেলন করে এমন এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, যদি আমি না নামি, আইভী নিজেও যদি না নামে নৌকা একাই চলবে। কারণ নৌকার কোনো সাপোর্ট প্রয়োজন নেই আর আমরা নৌকার মালিক না। নৌকার মালিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনা।

আইভীকে আমি একটি শাস্তি দেব, আপনাদের সবাইকে নিয়ে আমাদের নেত্রীর সামনে গিয়ে আইভীকে সেই শাস্তি দেবো, ওকে আমি ফাইন করবো আইসক্রিম, কারণ আমি আইসক্রিম খেতে পছন্দ করি আই লাভ আইসক্রিম। আমাদের মাঝে সামান্য মনোমালিন্য থাকতে পারে তবে দলের বৃহত্তর প্রয়োজনে আমাদের কোনো ভুল বুঝাবুঝি নেই।
 
এসময় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, জিএম আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।