চীনা নাগরিক হত্যা : চাচা-ভাতিজার আদালতে দায় স্বীকার


প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৬

যশোর উপশহর এলাকায় একটি বাড়িতে চীনা নাগরিক চ্যাং হিং চংকে (৪৫) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বুধবার মধ্যরাতের দিকে তাকে হত্যা করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপশহর মহিলা কলেজের পাশে ২ নম্বর সেক্টরের ৩৪ নম্বর বাড়ি থেকে তার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় চীনা নাগরিকের কর্মচারী নেত্রকোনা জেলার চকপাড়া এলাকার বাসিন্দা নাজমুল হাসান পারভেজ ও তার ভাইপো মুক্তাদির রহমানকে গ্রেফতার করা হয়েছে। নিহত চীনা নাগরিক চ্যাং হিং চং (৪৫) ইজিবাইক’র ব্যাটারি আমদানি করে বিক্রি করতেন।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, অর্থ আত্মসাতের বিরোধের জের ধরে চীনা নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই নাগরিকের সঙ্গে থাকা দোভাষী দুজন হত্যাকাণ্ডে জড়িত। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। একই সঙ্গে তারা হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন।

সন্ধ্যায় গ্রেফতার দু’জন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী- সদর) বুলবুল ইসলাম এ জবানবন্দি রেকর্ড করেন। এতে তারা খুনের পরিকল্পনা ও ঘটনার বিবরণ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে এ ঘটনায় উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদার বাদী হয়ে কোতোয়ালি থানায় নাজমুল ও মুক্তাদিরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মিলন রহমান/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।