শার্শায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা : স্বামী আটক


প্রকাশিত: ০৭:০৯ এএম, ২১ ডিসেম্বর ২০১৬

যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা সড়কের খাজুরা কে বি ইট ভাটায় বুধবার ভোরে অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেমা খাতুনকে (২৫) গলায় রশি পেঁচিয়ে হত্যা করেছে স্বামী রফজান জনি (৩২)।

রফজান জনির বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাসবাগান গ্রামে। ফাতেমা খাতুন ভাটায় ইট কাটা ও রফজান জনি ভাটায় আগার টপ বয়ের কাজ করতেন। এ ঘটনায় রফজান জনিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

ভাটার শ্রমিকেরা জানান, রফজান জনি তার স্ত্রীকে হত্যা করে একা ক্লিনের উপর বসে থাকে কিছুক্ষণ। পরে ঘরে এসে কিছুসময় পরে বলে আমার স্ত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। এসময় লোকজন গিয়ে তাকে মাটিতে শোয়া অবস্থায় দেখতে পায়।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ও ঘাতক স্বামীকে আটক করে শার্শা থানায় নিয়ে যায়। নিহতের গলায় রশির দাগ রয়েছে।

ভাটার মালিক তোজাম্মেল হোসেন তুজাম বলেন, সকালে ভাটায় এসে ঘটনা জানতে পারি।

শার্শা থানা পুলিশের সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন জানান, সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে তার স্বামী। স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।