বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নির্বাচন ২৯ ডিসেম্বর


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২১ ডিসেম্বর ২০১৬

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

দীর্ঘদিন দিন পর এ নির্বাচনকে ঘিরে বেনাপোল এখন সেজেছে অন্যরুপে। অসংখ্য তোরণ আর নানা রঙিন পোস্টারে ছেয়ে গেছে গোটা কাস্টমস, বন্দর ও চেকপোস্ট এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং। এ নির্বাচনে কে জয়লাভ করে সেটা দেখার জন্য অপেক্ষা করছে গোটা বেনাপোলবাসী। সর্বত্র আলোচনা এ নির্বাচনকে ঘিরে।

এ নির্বাচন সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই প্যানেলের প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করতে মরিয়া হয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের ১ হাজার ৫৪৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত স্টাফ অ্যাসোসিয়েশন ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে ঐক্য পরিষদের শামছুল-সাজেদুর ও সমমনা পরিষদের মুজিবর-নাসির দুইটি প্যানেল থেকে ১৭টি পদে ৩৪ জন ও দুজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৩ টি পদ থাকলেও এবার শ্রম মন্ত্রণালয়ের নতুন আইনে ১৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শামছুল-সাজেদুর পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামছুল হক, সহ-সভাপতি পদে কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে সাজেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক পদে হাসানুজ্জামান তাজিন, দফতর সম্পাদক পদে আনিছুর রহমান, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক পদে রেজাউল হোসেন, অর্থ সম্পাদক পদে আরিফ বিল্লাহ, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে ইসমাইল হোসেন, বন্দর বিষয়ক সম্পাদক পদে আওয়াল হোসেন, কার্গো শাখা বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে হাসানুজ্জামান বশির, ব্যাংক বিষয়ক সম্পাদক পদে হায়দার আলী।

এ ছাড়া ৪টি কার্য নির্বাহী সদস্য পদে রয়েছেন, রিয়াজুল ইসলাম, জিয়াউর রহমান, সুমন হোসেন ও রানা আহম্মেদ।

অপর দিকে মুজিবর-নাসির পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুজিবর রহমান, সহ সভাপতি পদে আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে রওশন আলী, দফতর সম্পাদক পদে আসানুর রহমান, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক পদে আলী কদর, অর্থ সম্পাদক পদে শাকিরুল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে মহিউদ্দীন, বন্দর বিষয়ক সম্পাদক পদে কামাল হোসেন, কার্গো শাখা বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান, প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে কবির হোসেন, ব্যাংক বিষয়ক সম্পাদক পদে বিল্লাল হোসেন মিন্টু।

পাশাপাশি ৪টি কার্য নির্বাহী সদস্য পদে রয়েছেন, আনছার আলী খাঁন, কবির হোসেন, আসাদুজ্জামান আসাদ ও শাহরিয়ার নিয়াজ শিমুল।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনুছ আলী ও সহ-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম রিপন।  

এ নির্বাচনকে কেন্দ্র করে উভয় প্যানেলের প্রার্থীরা বেনাপোলসহ শার্শা, নাভারণ, বাগআঁচড়া, ঝিকরগাছাসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন।

নিবাচর্নী প্রচার প্রচারণায় দুটি প্যানেল শক্ত অবস্থানে রয়েছেন। এ নির্বাচনকে সামনে রেখে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফদের মাঝে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। সর্বত্র সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন প্রার্থীরা। নিজ নিজ প্যানেলের প্রার্থীরা নিজেদের অবস্থান সদস্যদের সামনে তুলে ধরতে সমর্থকদের নিয়ে গণসংযোগ মতবিনিময় সভা ও প্রার্থীদের পরিচয় পর্ব শেষ করে ছুটছে এলাকার ভোটারদের কাছে। যাচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে।

ভোটারসহ সাধারণ জনগণ এ নির্বাচনে প্রার্থীদের ভোটের ফলাফল নিয়ে আগাম হিসাব-নিকাশ করতে শুরু করেছে। সবাই ধারণা করছে, এবার নতুন মুখের অধিকাংশ প্রার্থীরা নির্বাচিত হবে। তবে সাধারণ সম্পাদক পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এমদাদ হোসেন জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

মো. জামাল হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।