কারখানা বন্ধের দ্বিতীয় দিনেও থমথমে আশুলিয়া


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ২২ ডিসেম্বর ২০১৬

শ্রমিক অসন্তোষের জেরে বিজিএমইএ কর্তৃক আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া এলাকার ৫৫টি পোষাক কারখানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। বতর্মানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। র্যা ব, পুলিশ ও বিজিবির উপস্থিতিতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।  

বৃহস্পতিবার সকালে বন্ধ কারখানাগুলোর সামনে কিছু সংখ্যক শ্রমিক জড়ো হলে পুলিশ তাদের কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। পরে তারা বাড়ি ফিরে যায়।

শিল্প পুলিশ জানায়, বন্ধ কারখানাগুলোর সামনে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে র্যা ব ও পুলিশ টহল দিচ্ছে। কারখানাগুলোর সামনে রয়েছে পুলিশের জলকামানসহ সাজোয়া যান।

এদিকে, ভোর ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিক আন্দোলনের লিফলেট বিতরণের অভিযোগে বাদশা নামের এক যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে বিষয়টি থানা থেকে নিশ্চিত হওয়া যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আশুলিয়ার ডিইপিজেড ও সাভার এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা সুষ্ঠুভাবে কাজ করছে।

আল-মামুন/আরএআর/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।