রাজশাহীতে দুর্বৃত্তদের আগুনে ২০ হাজার গাছ পুড়ে ছাই


প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৩ মার্চ ২০১৫

রাজশাহীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সামাজিক বনায়ন কর্মসুচির আওতায় সরকারিভাবে গড়ে তোলা বনের ২০ হাজার গাছ পুড়ে ছাই হয়েছে। রোববার রাতে  গোদাগাড়ী উপজেলার প্রেমতলী-ফরাদপুর এলাকায় পদ্মার চরে এ ঘটনা ঘটে।

বন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গভীর রাতে বনের দক্ষিণ-পশ্চিম কোণে আগুন দেয় দুর্বৃত্তরা। বনের ভেতর খড় ও শুকনো পাতা পড়ে থাকায় আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। এসময় গ্রামবাসী নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু হাঁটু পানির পদ্মা ও বালুচর পেরিয়ে তারা পানি ভর্তি গাড়ি নিয়ে আগুনের কাছে যেতে পারেন নি। এদিকে বনের ভেতর কিংবা আশপাশে পানিরও কোন উৎস নেই। তাই আগুন নেভাতে ব্যর্থ হয়ে দমকল বাহিনী ফিরে যায়। এসময় এলাকাবাসী বনের ভেতর ইঁদুরের তোলা মাটি ছিটিয়ে প্রায় পাঁচ ঘন্টা প্রচেষ্টার পর মধ্যরাতে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনেন।  তবে এর আগেই বনে আকাশমনি, শিশু, খয়ের, ঝাউ, চাম কড়ই, ফুল কড়ই, বাবলা ও নিমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার গাছ পুড়ে ছাই হয়ে যায়।

বনে নিযুক্ত সরকারি পাহারাদার ওসমান গণি ও জিল্লুর রহমান জানান, আগুন লাগার সময় তারা দু’জন বনের দুদিকে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ বনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে তাঁরা গ্রামবাসীকে ডেকে আনেন।

উপজেলা বন কর্মকর্তা মঈন উদ্দীন জানান, বনটি গড়ে তোলার সময় যাদের দখলে থাকা জমি অধিগ্রহণ করা হয়েছে, অগ্নিসংযোগের জন্য তাদের সন্দেহ করা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় তারা লিখিতভাবে গোদাগাড়ী থানায় একটি অভিযোগ দেবেন।

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, এখন পর্যন্ত বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি জানান নি। তাই এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না।

প্রসঙ্গত, চরাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে জীব বৈচিত্র সংরক্ষণ ও দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় ২০১০-১১ অর্থ বছরে ১ কোটি ৫ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে প্রেমতলী-ফরাদপুর এলাকায় পদ্মার চরের ৯০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির ১ লাখ ৩২ হাজার গাছ লাগিয়ে বনটি গড়ে তোলে বন বিভাগ। সামাজিক এই বনায়নে উপকারভোগী আছেন এলাকার ৫৪৯জন ব্যক্তি।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।