নেশাদ্রব্য খাইয়ে সিএনজি ছিনতাই : নারীসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অচেতন করে সিএনজি ছিনিয়ে নেয়ার ঘটনায় নারীসহ অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- বরিশালের মেহেন্দীগঞ্জের সাদেকপুর এলাকার সুলতান বেপারির ছেলে হোসেন আলী (৩০), দক্ষিণ কেরানীগঞ্জের মৃত আব্দুল খালেকের ছেলে আবু তালেব (২৮) ও খাগড়াছড়ির মৃত সিদ্দিক ফকিরে মেয়ে মালেকা বেগম (২০)।  

বুধবার রাতে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতার করে তাদের দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ছিনতাই হওয়া সিএনজি (ঢাকা-মেট্রো-থ-১৪-০২৭৯) উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজিচালক আনোয়ার হোসেন ওরফে মৃধা (৪০) বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে সিএনজিচালক আনোয়ার হোসেন গুলিস্তানে অবস্থান করছিলেন। ওই সময় তিন ব্যক্তি ফতুল্লার ভূঁইগড় যাওয়ার জন্য সিএনজি ভাড়া করে। সিএনজি ভূঁইগড় বাসস্ট্যান্ডে আসার পর দুই যাত্রী সিএনজি থেকে নেমে চা নিয়ে চালককে খেতে দেন। চা পান করে অজ্ঞান হয়ে পড়েন সিএনজিচালক।  

তিনি আরও জানান, পরে রূপায়নের সামনে এসে সিএনজিচালককে ফেলে দিয়ে তারা সিএনজিটি নিয়ে পালিয়ে যান। সিএনজিচালককে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সিএনজিসহ একজনকে গ্রেফতার করা হয়। এর আগে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়।

শাহাদাত হোসেন/এএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।