নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুনে নৈশ প্রহরীর মৃত্যু


প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৮ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি তুলার গুদাম ও অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডে নুরুল ইসলাম (৭০) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও একজন। শনিবার সকালে উপজেলার ধামগড়ের তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
নিহত নুরুল ইসলাম বন্দর উপজেলার রামনগর এলাকার মৃত আবদুল গফুর মিয়ার ছেলে। তিনি ওই এলাকার নৈশ হিসেবে কর্মরত ছিলেন। আর দগ্ধ আলী আকবর (৬০) বন্দরের সোনাচড়া এলাকার হাবু মিয়ার ছেলে।
 
জানা গেছে, বন্দর উপজেলার ধামগড়ে ইলিয়াস মিয়ার মালিকানাধীন একটি তুলার গোডাউন ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে শনিবার ভোর ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময়ে তুলার গোডাউনে থাকা নৈশ প্রহরী নুরুল ইসলাম ও আলী আকবর দগ্ধ হন।এদের মধ্যে নুরুল ইসলামকে শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে মারা যান। আর দগ্ধ আলী আকবরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
তুলার গোডাউনের মালিক ইলিয়াস আলী ও অটোরিকশা গ্যারেজের মালিকের দাবি, আগুনে তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।  

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।