রূপগঞ্জে দুই স্বর্ণের দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জে রূপগঞ্জে বাজারের নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি ও পিটিয়ে আহত করে দুই স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণ রুপাসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
রোববার ভোরে উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মালিক, নৈশপ্রহরী ও স্থানীয় এলাকাবাসী জানায়, বাগবেড় বাজারে শিবানী জুয়েলার্স ও নিউ জয় স্বর্ণ শিল্পালয়ে এই ডাকাতি ঘটে।
ক্ষতিগ্রস্ত মালিকরা জানায়, বাজারে রাতের জন্য নৈশপ্রহরীর ব্যবস্থা রাখা আছে। রোববার ভোরে ২০ থেকে ২৫ জনের একদল মুখোশধারী ডাকাতদল ট্রাকযোগে এসে বাজারে ঢুকে প্রথমে নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।
একপর্যায়ে মিথিল চন্দ সরকারের মালিকানাধীন শিবানী জুয়েলার্সের তালা কেটে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে দুই ভরি স্বর্ণালংকার, ৩৬ ভরি রুপা ও নগদ ২৮ হাজার টাকা লুটে নেয়।
এরপর পার্শবর্তী পরজ জয় সরকারের মালিকানাধীন নিউ জয় স্বর্ণ শিল্পালয় দোকানের সাটার কেটে ভেতরে প্রবেশ করে একটি সিন্ধুক থেকে আড়াই ভরি স্বর্ণ, ৪২ ভরি রুপা ও নগদ ২৭ হাজার টাকা লুটে নেয়।
ডাকাতি শেষে নৈশপ্রহরীদের পিটিয়ে আহত করে ট্রাকযোগে নিয়ে এসে কুড়িল-বিশ্বরোড কাঞ্চন সেতু এলাকায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন নৈশপ্রহরীদের উদ্ধার করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামিম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মীর আব্দুল আলীম/এএম/পিআর