‘বাংলাদেশই বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, এখন বিশ্বায়নের যুগ। তাই দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি আন্তর্জাতিকীকরণ করা হচ্ছে। বাংলাদেশ এখন বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে। পারস্পরিক বিনিময় বাড়িয়ে আমাদের আরও এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আরও এক্সিলেন্স হিসেবে গড়ার কাজ চলছে। এক্ষেত্রে চুয়েটের কনফারেন্সটি অতি গুরুত্বপূর্ণ। এটি জ্ঞান সৃষ্টি ও বিনিময়ের উপযুক্ত একটি ক্ষেত্র হিসেবে ব্যবহার হবে বলে আমি মনে করি।
চুয়েট’র তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের উদ্যোগে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান। কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে ‘ইলেকট্রিক্যাল কম্পিউটার ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিসিইি) শীর্ষক তিন দিনব্যাপী এ কনফারেন্সের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
তিনি বলেন, তথ্য-প্রযুক্তি খাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে ডিজিটাল দেশ গঠনে আমরা অনেক এগিয়েছি। চুয়েটের এ কনফারেন্স একটি সুন্দর প্লাটফর্ম হবে। এখানে দেশ-বিদেশের গবেষকগণের ধারণা ও চিন্তা শেয়ার হচ্ছে। এসবের মাধ্যমে চুয়েটের শিক্ষা-গবেষণা আরও এগিয়ে যাবে।
কনফারেন্সের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সামশুল আরেফিনের সভাপতিত্বে সমাপনীতে স্বাগত বক্তব্য রাখেন, টেকনিক্যাল কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপ-এর প্রজেক্ট ডিরেক্টর ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত, আইইইই বাংলাদেশ সেকশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ও বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি