সিফাত হত্যার বিচার দাবিতে রাবিতে আবারও মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের হত্যার তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে আবারও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ওয়াহিদা সিফাতের সহপাঠী গোলাম রাব্বানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমদ, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান রানা প্রমুখ।
এসময় বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমদ বলেন, সিফাত হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হওয়া পর্যন্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আন্দোলন চালিয়ে যাবে। যদি এ আন্দোলনে কোনো কাজ না হয়, তবে গণযোগাযোগ পরিবারের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচির ডাক দেয়ার কথাও জানান তিনি।
মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসএস/একে/আরআই