রাজশাহীতে ইলিশের বাজার চড়া


প্রকাশিত: ১২:২২ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

রাজশাহীতে পহেলা বৈশাখকে সামনে রেখে গরম হতে শুরু করেছে ইলিশ মাছের বাজার। গত কয়েকদিনের ব্যবধানে রাজশাহীতে ইলিশ মাছের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। মহানগরীর সাহেববাজার, নিউমার্কেট, শালবাগান, কোর্ট বাজার ঘুরে এমনটি লক্ষ্য করা গেছে।

যে মাছের দাম গত কয়েকদিন আগের সাত’শ টাকা কেজি ছিলো, আজ রোববার সকালে সে মাছ রকম ভেদে প্রায় ১২’শ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে পহেলা বৈশাখকে সামনে রেখে এবার আগে থেকেই পর্যাপ্ত মাছের আমদানি রয়েছে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা। তবে হরতাল ও অবরোধের কারণে এবার পরিবহন খরচ অনেক হওয়ায় ইলিশ মাছ কিছুটা চওড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে পায়কারী ব্যবসায়ীরা মাছ কিছুটা কম দামে বিক্রি করলেও অধিক মুনফা আদায়ের লক্ষে খুচরা মাছ ব্যবসায়ীরা ইলিশ মাছ বিক্রি করছেন বেশী দামে। তাই শখ থাকলেও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা বাজারে গিয়ে ইলিশ মাছ কিনতে গিয়ে দাম শুনে কিছুটা হোচট খাচ্ছেন। তাই তারা এবার ইলিশ মাছ আর পান্তা দিয়ে বৈশাখের প্রথম দিনটি আনন্দের সাথে কাটাতে পারবেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করছেন।

এদিকে, নগরীর নিউমার্কেট এলাকার পায়কারী মাছ ব্যবসায়ী সনিকে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, গত বছরের তুলনায় এবার তারা মাছ বিক্রি করছেন কিছুটা বাড়তি দামে। এর কারণ হিসেবে তিনি দেশে রাজনৈতিক পরিস্থিতিকে দায়ি করেছেন। পরিবহন খরচ, ইলিশ মাছের ঘাটতিকে তিনি দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। এসময় তিনি আরো জানান, তারা মাছের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার কথা চিন্তা করে নির্ধারণ করলেও মৌসুমী ও খুচরা মাছ বিক্রেতারা অধিক মুনফা লাভের আশায় চড়া দামেই ক্রেতাদের কিনতে বাধ্য করছেন। বিষয়গুলো নিয়ে নগরীর শালবাগান এলাকার মাছ ব্যবসায়ী আল-আমিনের সঙ্গে কথা বললে তিনি জানান ভিন্ন কথা, সারা বছর তারা পাইকারি মাছ ব্যবসায়ীদের কাছে থেকে বিভিন্ন প্রজাতির মাছ কিনে ব্যবসা করে থাকেন। পহেলা বৈশাখকে সামনে রেখে তারা গত বারের তুলনায় কিছুটা বেশি দামে মাছ ক্রয় করছেন। ফলে তারা বিক্রেতাদের কাছেও মাছের দাম হাঁকছেন বেশি। ফলে একে অপরের উপর দোষ চাপিয়ে তারা উচ্চদামেই মাছ বিক্রি করছেন। তবে ব্যবসায়ীদের অধিক মুনফা আদায়ের প্রতিযোগীতায় ক্রেতারা পড়েছেন বিপাকে। এমনটি মন্তব্য করেছেন ক্রেতারা।

নগরীর নিউমার্কেট এলাকায় ইলিশ মাছ কিনতে আসা শহীদুল নামের এক সাধারণ সরকারি চাকরিজীবী জানান, পরিবারের সদস্যদের কথা ভেবে তিনি ইলিশ মাছ কিনতে এসেছেন বাজারে। তবে মাছের দাম শুনে তিনি আকাশ থেকে পড়েছেন। যে মাছের দাম তিনি কয়েকদিন আগেও কেজি প্রতি সাত’শ টাকা বিক্রি করতে দেখে গেছেন। আজ কিনতে গিয়ে দেখেন সেই মাছ ১২শ থেকে সাড়ে ১২শ টাকা। যা তার ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চললে হয়তো পহেলা বৈশাখ উদযাপন করবেন সবাই। তবে কয়টি পরিবার ইলিশ মাছ ও পান্তা খেয়ে দিন আনন্দে পালন করতে পারবেন এই প্রশ্ন নগরবাসীর।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।