পেকুয়ায় আটক শিবির নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০ পিএম, ১৪ মার্চ ২০১৭

কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল মজিদ আরমানকে (২০) ‘গোপন বৈঠক’ থেকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। আবদুল মজিদ উপজেলার টৈটং ইউনিয়নের গুদিকাটা গ্রামের মৌলভী মোহাম্মদ হোছাইনের ছেলে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে তাকে নির্বাচনী সহিংসতা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন দাবি করেন, মাগরিবের নামাজের পর জামায়াত নিয়ন্ত্রিত চিকিৎসা প্রতিষ্ঠান প্যান ইসলামিক হাসপাতালে শিবিরের ছেলেরা গোপন বৈঠকে বসে। খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে তাদের ধাওয়া দেয়া হয়। একপর্যায়ে শিবিরের সাধারণ সম্পাদক আবদুল মজিদকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

পেকুয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির ও প্যান ইসলামিক হাসপাতালের ব্যবস্থাপক মোহাম্মদ ইউনুছ বলেন, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল মজিদ চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। এখানে কোনো বৈঠক বা সভা হয়নি।

তিনি আরও বলেন, হাসপাতালে অবস্থান করার সময় ছাত্রলীগ নেতা কফিল উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে অহেতুক আবদুল মজিদকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। হামলার ভয়ে হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীরাও পালিয়ে যান।

পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, গোপন বৈঠক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের সম্পাদককে পুলিশের হাতে তুলে দিয়েছে। ২০১৬ সালে নির্বাচনী সহিংসতা মামলায় তার সম্পৃক্ততা পেয়ে তাকে সে মামলায় (নম্বর-০১/১৬) কারাগারে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।