বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
বরিশালের কাশিপুরের বাশতলা এলাকায় ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মাহিন্দ্রা টেম্পু চালক স্বপন দাশ (৩৭) বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের বাসিন্দা। নিহতদের মধ্যে একজনের নাম মো: নাসির উদ্দিন বলে জানা গেছে । তবে তাৎক্ষণিকভাবে বাকীদের নাম জানাতে পারেনি পুলিশ। আহত ছয়জনের অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনার পর প্রায় ১ ঘন্টা বরিশাল-ঢাকা মহসড়কে যান চলাচল বন্ধ ছিল। মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বাবুগঞ্জের রহমতপুর থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিলো মাহিন্দ্রাটি। কাশিপুরের বাশতলা এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা তরমুজ বোঝাই ঢাকাগামী (সাতক্ষীরা-ট-১১-০১২৫) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা টেম্পোর চালকসহ পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত ছয় যাত্রীকে উদ্ধার করে পুলিশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে এক জনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিস এবং পুলিশের রেকার দিয়ে মহাসড়ক থেকে ট্রাক সড়িয়ে নেওয়ার চেষ্টা চলছে। এতে করে মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আবুল কালাম জানান, হাসপাতালে ভর্তি হওয়া সাতজনের মধ্যে বেলা সাড়ে ১১ টার দিকে এক জনের মৃত্যু হয়।
এসএস/এএইচ/এআরএস/পিআর