ধাওয়া খেয়ে পালিয়ে গেল অবৈধ বালু উত্তোলনকারীরা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল নুনেরটেক এলাকায় জেগে উঠা চরের বালু ইজারা ছাড়াই অবৈধভাবে লুট করতে এসে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে গেছে বালু সন্ত্রাসীরা।
মাইকে ঘোষণা দিয়ে বালু উত্তোলনকারীদের ধাওয়া করলে ছিটকে পড়েন তারা। তবে বালু উত্তোলকারীরা সরকারি দলের সন্ত্রাসী বলে এলাকাবাসী জানিয়েছে।
মঙ্গলবার বালু সন্ত্রাসীরা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে গেলে এলাকাবাসী একত্রিত হয়ে ধাওয়া করে এবং গ্রামবাসীদের তোপের মুখে ড্রেজার নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, বালু উত্তোলনকারীরা বলছেন নুনেরটেক এলাকার জাকারিয়া ও মাজহারুল চাঁদার দাবিতে তাদের বাল্কহেডে হামলা চালিয়ে তাদের লোকজনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় নবী হোসেন ও মাজহারুল ইসলাম বাদী হয়ে গ্রামবাসীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় দুটি অভিযোগ করেছেন।
গ্রামবাসী ও ভুক্তভোগীরা জানায়, উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী নুনেরটেক এলাকার সম্প্রতি একটি নতুন চর জেগে উঠে।
এই চরটি ইজারা ছাড়াই বৈদ্যোরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন ও তার সহযোগী আমির হোসেন, সিরাজুল ইসলাম সিরাজসহ ২০-২৫ জনের একটি সিন্ডিকেট সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদিন ২৫-৩০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে।
ওই এলাকায় বালু উত্তোলনের ফলে হুমকিতে রয়েছে নুনেরটেক গ্রামসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করা না গেলে কোনোভাবেই ওই এলাকার ফসলি জমি ও গ্রামগুলো রক্ষা করা যাবে না।
মঙ্গলবার ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে গেলে এলাকাবাসীরা মাইকে ঘোষণা দিয়ে একত্রিত হয়ে লাঠিসোটা, টেঁটা বল্লম, দা, লোহার রড দিয়ে বালু উত্তোলনকারীদের প্রতিহত করতে ধাওয়া শুরু করে।
এ সময় গ্রামবাসীদের তোপের মুখে বালু উত্তোলনকারীরা ড্রেজার নিয়ে পালিয়ে যায়। গ্রামবাসী কয়েকটি ড্রেজার ও বাল্কহেডে হামলা চালিয়ে শ্রমিক কর্মচারীদের পিটিয়ে আহত করে।
এ বিষয়ে বৈদ্যোরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন, নুনেরটেক গ্রাম এলাকা দিয়ে আমার দুটি বাল্কহেড চলাচল করে থাকে। আমার বাল্কহেডের চালকের কাছে ১৫ দিন আগে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় নুনেরটেক গ্রামের জাকারিয়া ও মাজহারুল গ্রামবাসীকে উস্কে দিয়ে সকালে আমার বাল্কহেডে হামলা চালায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছি।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বলেন, নুনেরটেক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে নুনেরটেকবাসীকে সঙ্গে নিয়ে কয়েকবার সভা করেছি। বালু উত্তোলন বন্ধে আমি বদ্ধ পরিকর।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের বলেন, কৃষকদের জমি মাটি ও জেগে উঠা চরের বালু অবৈধভাবে কেটে নেয়ার অভিযোগে কয়েকজন বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা নেয়া হয়েছে।
মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি