সানির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
রংপুর নগরীর কৈলাশ রঞ্জন স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র অনিক হাসান সানির হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন নিহত সানির পিতা ওমর আলী, বড় বোন ফাতেমা-তুজ- জোহরা ও এলাকাবাসী। বক্তারা অভিযোগ করে বলেন, সানির হত্যাকারীদের বাঁচাতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। আসামীরা প্রভাবশালী হওয়ায় মামলা প্রত্যাহারের জন্য নানাভাবে সানির বাবা ও পরিবারের লোকজনদের হুমিক দিচ্ছে।
পুলিশ এ পর্যন্ত কোন আসামী গ্রেফতার না করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ২৪ ঘন্টার মধ্যে ঘটনার মূলহোতা ফাহিম মোল্লাসহ অন্য আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে রংপুরবাসীকে সাথে নিয়ে বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে একটি বিক্ষোভ মিছিল সেখান থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার বরাবর স্বারকলিপি পেশ করেন।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নিহত সানির সাথে একই এলাকার চাল ব্যবসায়ী বাবু মোল্লার ছেলে ফাহিম মোল্লার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফাহিম ও তার সঙ্গীরা মিলে ক্রিকেট ব্যাট দিয়ে সানির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে সে গুরত্বর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায় সানি। এ ঘটনায় সানির বড় বোন ফাতেমা বাদী হয়ে ফাহিমের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের নামে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসএস/আরআই