রংপুরে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৩
রংপুরে পৃথক তিনটি অভিযানে ৭৬ বোতল ফেনসিডিল, দুই কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় আটক করা হয়েছে এক মাদক ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেল। বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে নগরীর সথ বাজার চানকুঠি, রেল স্টেশন ও রবার্টসন্সগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই হোসেন আলী বুধবার রাত ৯টার দিকে নগরীর সক বাজার চানকুঠি এলাকায় অভিযান চালায়। এসময় ৫৭ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আবুল কালাম আজাদকে নিজ বাড়ি থেকে আটক করেন।
তিনি আরো জানান, একই সময়ে রেল স্টেশন এলাকা থেকে এসআই ওলিয়ার রহমান দেড় কেজি গাঁজাসহ ওই এলাকার হাবিব মিয়ার পুত্র জামিলকে এবং বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নগরীর রবার্টসন্সগঞ্জ পানির ট্যাংক এলাকায় ফেনসিডিল বিক্রি করার সময় তাজহাট এলাকার গনেশ চন্দ্র রায়ের পুত্র সজীব রায়কে ১৯ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেন থানার এসআই মকবুল হোসেন। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে।
ওসি আরও জানান, অভিযানে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এমজেড/পিআর