নারায়ণগঞ্জকে ‘অবিশ্বাস্য’ শিল্প নগরী করার ঘোষণা সেলিমের


প্রকাশিত: ১১:০৩ এএম, ০৩ মে ২০১৫

আগামী অর্থ বছরের মধ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সকল রাস্তাঘাটের উন্নয়ন কাজ শেষ করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সেই সঙ্গে তিনি বন্দর উপজেলাকে `অবিশ্বাস্য` শিল্প নগরী গড়ার ঘোষণা দেন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর উপজেলায় ৬টি রাস্তার সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠান ও এলাকাবাসীর সঙ্গে মত বিনিময়কালে সেলিম ওসমান এ কথা বলেন।
 
এলাকাবাসীর সঙ্গে মত বিনিময়কালে সেলিম ওসমান বলেছেন, বন্দরে রাস্তার যে কাজ বাকী রয়েছে তাতে করে মোটামুটি ২৫ কোটি টাকার কাজ হলেই চলবে। আগামী অর্থ বছরের মধ্যে বন্দর উপজেলার সবকটি রাস্তার উন্নয়ন কাজ শেষ করতে চাই। আপনারা সবাই যদি আমাকে সহযোগিতা করেন তাহলে বন্দর হবে একটি অবিশাস্য শিল্পনগরী। রাস্তার পাশে যেসব দোকানদার ভাইয়েরা আছেন তারা রাস্তা দখল না করে দোকানপাট একটু সরিয়ে নিবেন যাতে করে রাস্তাগুলো পরিস্কার থাকে। পাশাপাশি রাস্তার দুই পাশে গাছ লাগাবেন। সামনে গাছ লাগানোর মৌসুম বন্দরের কোন জায়গা যেন খালি পড়ে না থাকে সবাই নিজ নিজ উদ্যোগে ফাঁকা জায়গায় গাছ লাগাবেন।
 
এসময় সেলিম ওসমান বন্দরের উন্নয়নে তিনি উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
 
সংস্কার কাজের উদ্বোধন করা রাস্তাগুলোর মধ্যে রয়েছে ৫৮ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে নবীগঞ্জ কাইকারটেক রোড থেকে পুরাতন বন্দর ভায়া বড়ইখালী রোড, ২১ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে নবীগঞ্জ কাইকারটেক রোড থেকে পুরান বন্দর ভায়া বড়ইখালী রোডে আর সিসি বক্স কালভার্ট নির্মাণ, ৩৪ লাখ ৯ হাজার টাকা ব্যয়ে ননী সাধুর আশ্রম থেকে মালিভিটা রোড, ৫৮ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে তিনগাঁও কেয়ার ব্রিজ থেকে আমির হোসেনের বাড়ি পর্যন্ত, ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ফনকুল থেকে কাইকারটেক রোড উন্নয়ন, ৮০ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ইস্পাহানি বাজার থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত জিসি রোডের সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
 
এসময় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু প্রমুখ।
 
মো:শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।