বুদ্ধের নীতি-আদর্শের প্রয়োগ ঘটানোর আহ্বান
সিলেট বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা উৎসর্গ, সংঘদান, বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। রোববার সিলেট নগরের আখালিয়া নতুন বাজার ব্রাহ্মণশাসন বৌদ্ধ বিহারে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে আলোচনাসভা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক শ্রীমৎ পরমানন্দ মহাথেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম রাউজানের আধাঁর মানিক বুদ্ধরম্মী বিহারের অধ্যক্ষ সুমেধানন্দ থের। সদ্ধর্মদেশনায় ছিলেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসম্পাদক ও অগ্রসার স্মৃতি সমিতির মহাসচিব শ্রীমৎ সুমিত্তানন্দ থের ও বরুনাশ্রী থের।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও সুকর্মে অগ্রগতিতে ভিক্ষু সংঘ এবং গৃহসংঘকে একই সঙ্গে অগ্রসর হতে হবে। সমাজ গঠনে সচেতনতার সঙ্গে আমাদের জীবনে বাস্তবতার সহিত বুদ্ধের নীতি আদর্শের প্রয়োগ ঘটাতে হবে। মার্মা, চাকমা, ও বড়ুয়াদের একতাবদ্ধভাবে বুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে উন্নত সামাজ গঠনে অবদান রাখতে হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি সাধন কুমার চাকমা। সিলেট বৌদ্ধ সমিতির সহসভাপতি নিশুতোষ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা রামেন্দ্র বড়ুয়া, অরুন দাশ গুপ্ত, অড়ুনালোক বড়ুয়া, দিলীপ বড়ুয়া, সহসভাপতি জ্যোতিমিত্র বড়ুয়া মিটুল, শিমুল মুৎসদ্দী, সাধারণ সম্পাদক প্রকৌশলী সাজু বড়ুয়া, অরুণ বিকাশ চাকমা, শান্তি বিকাশ চাকমা, অমৃত চাকমা, সুনীল বিকাশ চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও সিলেটে কর্মরত বৌদ্ধ বিসিএস কর্মকর্তাবৃন্দ ও পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের সম্মননা প্রদান করা হয়। নেপালে প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আত্মার শান্তি কামনা করে আহতদের সাহায্যে অর্থ সংগ্রহ করা হয়। সন্ধ্যা ৭টায় প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ছামির মাহমুদ/এমজেড/আরআই