ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালকের আয়কর নথি জব্দের নির্দেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হাকিমুন্নাহারের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের আদেশ দিয়েছেন আদালত। জ্ঞাত আয় ও সম্পদের মধ্যে অসংগতি অভিযোগ তদন্তে এসব নথি প্রয়োজন বলে জানিয়েছে দুদক।
মঙ্গলবার (১২ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুদকের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে বলা হয়, হাকিমুন্নাহার নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী গ্রহণ করলেও নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে সম্পদ বিবরণী জমা দেননি। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে গত ২০ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করা হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, হাকিমুন্নাহার একজন নিয়মিত আয়করদাতা। অনুসন্ধানকালে ২০২০-২১ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তার আয়-ব্যয়ের তথ্য পর্যালোচনা করা হয়েছে।
দুদকের দাবি, তার ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য যাচাই এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য আয়কর নথির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব তথ্য ও রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।
এমডিএএ/এমএএইচ/