রক্ষক যখন ভক্ষক!


প্রকাশিত: ০৭:২২ এএম, ০৪ মে ২০১৫

গাজীপুরের কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহানের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে জামালপুর গ্রামের নিরীহ মানুষদের হয়রানি ও মোটা অংকের ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাজার হাজার গ্রামবাসী রাস্তায় নেমে থানা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 এ ব্যাপারে এলাকাবাসী সোমবার সকাল ১১টায় গাজীপুর পুলিশ সুপারের কাছে গণস্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
গ্রামবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলায় মোটরসাইকেল চুরির ঘটনায় কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের সামসুদ্দিনের ছেলে ইউনুস আলী (২২) কে গত ২৯ এপ্রিল কাপাসিয়া থেকে আটক করে এসআই শাহজাহান। পরে আটককৃত ইউনুসের মিথ্যা জবানবন্দির সূত্র ধরে দারোগা শাহজাহান গত চার দিনে জামালপুর এলাকায় মাইক্রোবাস নিয়ে সিভিল পোশাকে অভিযান চালিয়ে ওই গ্রামের নিরাপরাধ ৫ কিশোরকে আটক করে।

এলাকাবাসীর দাবি, এরা সকলেই গ্রামের খেটে খাওয়া নিরীহ মানুষ এবং গ্রামে নিরাপরাধ হিসেবে পরিচিত। তবে এদের অপরাধ তারা এলাকার পেশাদার চোর ইউনুসকে চুরির দায়ে মারধর করেছিল। তবুও অর্থলোভী ও নিষ্ঠুর দারোগা শাহজাহান আটকদেরকে কাপাসিয়া থানায় নিয়ে যায়। পরে আটকদের অভিভাবকের কাছ থেকে মোটা অংকের উৎকোচ দাবি করে। টাকা দিতে না পারলে মোটরসাইকেল চুরির মামলায় চালান দেয়া হবে বলেও হুশিয়ারি দেয়। পরে অভিভাবকরা দারোগা শাহাজাহানকে মোটা অংকের ঘুষ দিয়ে থানা থেকে তাদের ছাড়িয়ে নিয়ে আসে।

ভ্যানচালক আলামিন জানান, তার ছেলেকে ধরে নিয়ে যাওয়ার পর দারোগা শাহজাহানের পা ধরে কান্নাকাটি করলেও মন গলেনি নিষ্ঠুর দারোগার। তিনি আরো জানান, ছেলেকে ছাড়িয়ে নিতে তার কাছে ২৫ হাজার ঘুষ দাবি করে। কিন্তু দরিদ্র ভ্যান চালক সে অর্থ দিতে না পারায় ছেলেকে অমানুষিক নির্যাতন করে মোটরসাইকেল চুরির মামলায় কোর্টে চালান দেয়।

মোমেন সরকার জানান, রোববার বিকেলে এসআই শাহজাহান তার ভাতিজা আলমগীরকে মোটরসাইকেলসহ থানায় ধরে নিয়ে যায়। এসময় তাকে মোটরসাইকেলের বৈধ মালিকানার কাগজপত্র দেখালে তিনি মাটিতে ছুড়ে ফেলেন।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান হয়রানি ও উৎকোচের সত্যতা অস্বীকার করে বলেন, মোটরসাইকেল চুরির দায়ে তাদেরকে আটক করা হয়েছে।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দারোগা শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে সিভিস পোশাকে বিনা অনুমতিতে বিধি বহির্ভূতভাবে তাদেরকে আটক করে। যা খুবই দুঃখজনক। তবে তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন।   

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।